কর্ণফুলী রক্ষায় সাম্পান র‌্যালি

কর্ণফুলী নদী রক্ষায় গতকাল শনিবার সাম্পান র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি আয়োজিত অনুষ্ঠানমালায় কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের অন্তর্ভুক্ত ২৩টি সংগঠন অংশগ্রহণ করে। দুই শতাধিক সাম্পান অভয়মিত্র ঘাট থেকে র‌্যালি শুরু করে বন্দর মোহনা পর্যন্ত প্রদক্ষিণ করে।

 
এ সময় বক্তারা বলেন, কালুরঘাট থেকে কর্ণফুলী নদী মোহনা পর্যন্ত ৩৪টি খাল দিয়ে বিষাক্ত মানব বর্জ্য সরাসরি কর্ণফুলী নদীতে পড়ছে। রাজাখালী খাল, চাক্তাইখাল, গুপ্তখাল, মহেশখাল দিয়ে সহস্রাধিক শিল্প-কারখানার রাসায়নিক বর্জ্য কর্ণফুলীতে মিশছে। জোয়ার-ভাটার স্রোত কম হলে কর্ণফুলী অনেক আগেই বুড়িগঙ্গায় পরিণত হতো। বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলীকে শোষণ করে চলেছে। কর্ণফুলী রক্ষার কোন কার্যকর পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষ নিচ্ছে না।

ক্যাপিটাল ড্রেজিং করতে গিয়ে অপরিকল্পিতভাবে মাটি উত্তোলন করায় এখন কর্ণফুলী নদীর অর্ধেক ভরাট হয়ে গেছে। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এসএম পেয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আলী আশরাফ, ড. আবুল কাসেম, অধ্যাপক ইদ্রিস আলী, চৌধুরী ফরিদ, ওয়ার্ড কমিশনার হাসান মুরাদ বিপ্লব, আলীউর রহমান, শাহ্জাহান ফারুকী, এম মঈনুদ্দিন। বিকালে চরপাথরঘাটা সিডিএ মাঠে কবিয়াল সম্মেলন ও পালাগানের আসর বসে।