ছিটমহলে জনগণনা ও জমি নিরূপণ শুরু

 
উভয় দেশের মধ্যকার ১৬১টি ছিটমহল বিনিময়ের সব বাধা দূর হয়ে গেছে। এখন বাস্তবায়নের পালা। তাই এসব ছিটমহলের জনসংখ্যা ও জমির পরিমাণ নিরূপণে আজ রবিবার একযোগে কাজ শুরু করবে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। এই কাজ শেষ হলে ছিটমহলগুলোর জনসংখ্যা ও প্রকৃত জমির পরিমাণ বের হয়ে আসবে বলে জানিয়েছেন সমন্বয় কমিটির নেতারা।
 
প্রতি ছিটমহলের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ফরমে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করবেন। তারা জানিয়েছেন, ১৯৫৮ ও ১৯৯৬ সালের হিসাব অনুযায়ী জমির পরিমাণে অনেক হেরফের রয়েছে। আবার ২০১১ সালের হেড কাউন্টিং-এ জনসংখ্যাও অনেক কম দেখানো হয়েছে। এই কার্যক্রম শেষ হলে সব ধরনের তথ্যের হালনাগাদ হিসাব পাওয়া যাবে।
 
গতকাল শনিবার বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে নাজিরগঞ্জ-দৈখাতা ছিটমহলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদ। বোদা থানার ওসি আবুল কালাম আজাদ, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মফিজার রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আলতাফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাব্বুল আলম, কোষাধ্যক্ষ তছলিম উদ্দিনসহ সমন্বয় কমিটির নেতা ও এলাকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
১৯৪৭’-এ ছিটমহল সমস্যা শুরু হওয়ার পর তা সমাধানে ১৯৫৮ সালে নেহেরু-নুন চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর উভয় দেশের ছিটমহলের জমির পরিমাণ নির্ণয়ে ১৯৬১ সালে সর্বপ্রথম কাজ শুরু করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীকালে সেন্সাস হ্যান্ড বুক’-এ ছিটমহলের তালিকা ও জমির পরিমাণ উল্লেখ করা হয়। সেখানে উভয় দেশের মধ্যে ছিটমহলের সংখ্যা ও জমির পরিমাণ অনেক বেশি দেখানো হয়। ওই তালিকায় তত্কালীন পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে ১৩১টি ছিটমহলে জমির পরিমাণ দেখানো হয় ২০ হাজার ৯৫৭ দশমিক ০৭ একর। অপরদিকে ভারতের অভ্যন্তরে পূর্ব পাকিস্তানের ছিটমহল দেখানো হয় ৯৫টি এবং জমির পরিমাণ দেখানো হয় ১২ হাজার ২৪৯ একর। আবার ১৯৯৬ সালের নভেম্বর মাসে বেরুবাড়ী সীমান্তে উভয় দেশের কর্মকর্তাদের নিয়ে মাঠ পর্যায়ে পরিদর্শনের পর নতুন করে আরো একটি তালিকা তৈরি করা হয়। সেখানে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল এবং এগুলোতে জমির পরিমাণ দেখানো হয় ১৭ হাজার ১৫৮ দশমিক ০৫ একর। অপরদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল ও এতে জমির পরিমাণ দেখানো হয় ৭ হাজার ১১০ দশমিক ০২ একর।