এনায়েতপুরে দেশীয় পিস্তল-গুলি-ইয়াবাসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় দেশীয় পিস্তল, গুলি ও ইয়াবাসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের পলাশ (২৫), এনায়েতপুর থানার খোকশাবাড়ি গ্রামের কোমেদ আলী (৩৫), খুকনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি একই গ্রামের ইকতিয়ার সরকার (৩০) ও শহিদুল সরকার (৩০)। আটককৃতদের মধ্যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা এবং সক্রিয় কর্মী রয়েছে। আটকের সময় এদের কাছ থেকে একটি দেশীয়  পিস্তল, একটি গুলি, দুইটি ইয়াবা, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
জানা গেছে, আটককৃতরা রবিবার ভোর রাতে উপজেলার খামারগ্রামে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে  সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী পলাশ এবং কোমেদ আলীকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী সহযোগী ইকতিয়ার এবং কোমেদ আলীকে আটক করে পুলিশ।
 
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।