কৃষকদের উত্পাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করার লক্ষ্যে চাল আমদানির উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
রবিবার থেকেই তা কার্যকর হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বিকেলে এনইসি সম্মেলন কক্ষে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে প্রাক-বাজেট অলোচনার শুরুতেই তিনি বলেন, চলতি বোরো মৌসুমে আমাদের কৃষকরা যাতে তাদের উত্পাদিত ধানের ন্যায্য দাম পায় সেজন্য চাল আমদানির উপর ১০ শতাংশ ডিউটি ইমপোজ করা হয়েছে। সভায় জাতীয় সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটি, পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শওকত চৌধুরী বলেন, চালের উপর আরও বেশি কর আদায় করা উচিত্। কারণ দেশের বাইরে থেকে আমাদের দেশে প্রচুর চাল আসছে। ধান চাষীদের রক্ষা করতে হলে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুল হক টুকু বলেন, দেশে চাল আমদানির উপর কর আরোপ খুবই ভাল উদ্যোগ। তবে এর পাশাপাশি দেশিয় কাগজ ও চিনি শিল্প বাঁচাতেও পদক্ষেপ নিতে হবে।
এসময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।