ইংল্যান্ড কোচের পদ থেকে পিটার মুরসকে বরখাস্ত করা হয়েছে। ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে শনিবার এ কথা জানানো হয়েছে।
শনিবার দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘‘ইসিবি নিশ্চিত করছে যে, আজ শনিবার থেকে পিটার মুরস আর ইংল্যান্ড দলের প্রধান কোচ নন।’’
ইসিবি থেকে জানানো হয়, বোর্ডের নতুন ক্রিকেট ডিরেক্টর এন্ড্রু স্ট্রস ইসিবি প্রধান নির্বাহী টম হ্যারিসনের সঙ্গে আলোচনা করে মুরসকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।
ইসিবির বিবৃতিতে হ্যারিসন বলেন, ‘আমরা ভবিষ্যতের দিকে নজর দিতে চাই এবং আমাদের সঠিক এ্যাপ্রোচ তৈরি করা দরকার ও ভাল পারফরমেন্সের মাধ্যমে আগামী পাঁচ বছরপর সাফল্য পেতে চাই বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আগামী ২১ মে লর্ডস ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া দুই টেস্টের সিরিজে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ পল ফারব্রেচ।
স্ট্রসের নিয়োগ ও মুরসের বরখাস্ত হওয়ার বিষয়টি ব্রিটিশ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছিল এবং এর পরই শনিবার ইসিবির বিবৃতির মাধ্যমে ঘোষণা দেয়া হলো।
এই নিয়ে দুইবার ইংল্যান্ডের কোচের পদ থেকে বরখাস্ত হলেন মুরস। এর আগে তৎকালীন অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে বিবাদে জড়িয়ে ২০০৯ সালে প্রথম বরখাস্ত হয়েছিলেন তিনি।
২০১৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০ ব্যবধানে এ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এন্ডি ফ্লাওয়ার সরে দাঁড়ালে তার পরিবর্তে কোচের দায়িত্ব গ্রহণ করেন মুরস। অর্থাৎ দ্বিতীয়বার দায়িত্ব নেয়ার এক বছরের মধ্যেই আবারো চলে যেতে হলো তাকে।
নিজের বরখাস্ত বিষয়ে ইসিবির দেয়া বিবৃতিতে মুরস বলেন, ‘ইংল্যান্ডের কোচ হিসেবে আমি আর নেই- এটা যে কতটা হতাশার এই মুহূর্তে তা ভাষায় প্রকাশ করা কঠিন।’