বিদেশি তহবিল ও সঞ্চয়পত্রের সুদহ্রাস ঘোষণায় পুঁজিবাজার চাঙা

 
 
 
দেশের পুঁজিবাজারে বিদেশি মিউচুয়াল ফান্ড (তহবিল) আসার সুযোগ দেয়া হবে। প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এ ঘোষণায় পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া, সঞ্চয়পত্রের সুদহার হ্রাসে অর্থমন্ত্রীর ইঙ্গিত শেয়ারবাজারের দিকে বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলেছে। ফলে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৫৪ পয়েন্ট। অর্থাত্, আগের দিনের তুলনায় সূচক বেড়েছে পৌনে চার শতাংশ। ডিএসইর লেনদেন বেড়েছে ২৪ শতাংশ। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৯৩ শতাংশের শেয়ারদর বেড়েছে।
 
ডিএসইর তথ্যে দেখা গেছে, রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৫৪ বেড়ে ৪ হাজার ২৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৫৮ বেড়ে ১ হাজার ৬১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২০ কোটি ৮১ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১০১ কোটি ৪৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৮৮ বেড়ে ১৩ হাজার ১৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের।
 

বাজার বিশ্লেষকরা বলছেন—এমনিতেই গত প্রায় এক মাস ধরে বাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করেছে। অনেক কোম্পানির শেয়ারদর তলানিতে নেমে এসেছে। ফলে এ শেয়ারগুলোতে বিনিয়োগ লাভজনক বিবেচনা করা হচ্ছে। তার মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ার নানামুখী ইঙ্গিত বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। ফলে রবিবার বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে, সূচকেও দেখা গেছে উল্লম্ফন।