গাজীপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তদন্ত শুরু

গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।
 
শনিবার গাজীপুর মহানগরীর সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পূর্বক্ষণে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এতে প্রায় ১৫ মিনিট বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামসহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে নির্ধারিত অনুষ্ঠান শুরু করতে বিলম্ব ঘটে।
 
এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী জহিরুল ইসলাম ও ডিজিএম খান মো. বোরহান উদ্দিনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষ পবিস-এর সদস্য মো. আব্দুস সাত্তার বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এ ছাড়া গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
 
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জিএম নূর মোহাম্মদ জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গঠিত তদন্ত কমিটির সদস্যরা রবিবার ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। অপরদিকে জেলা প্রশাসন গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানিয়েছেন, ঘটনা তদন্তে কমিটির সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের আয়োজক এবং বিদ্যুৎ সরবরাহের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে আরো তদন্ত করা হবে বলে তিনি জানান।