প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’টি বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে (ইপিজেড) ‘কার্যকর’ করতে ও এখানে বিদ্যমান সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রবিবার তার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বিপিইপিজেড) বোর্ডের ১৮তম সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা প্রদান করেন।
বেসরকারি ইপিজেড দু’টি হচ্ছে- কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, সভায় এ দুটি বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সার্বিক অগ্রগতি ও চলমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, বিদ্যুত্, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এটর্নি জেনারেল মাহবুবে আলম ও সংশ্লিষ্ট সচিবগণ সভায় উপস্থিত ছিলেন।