বার্সেলোনায় নেইমারের ৫০

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার হয়ে অসাধারণ এক মাইলফলকে পৌঁছেছেন নেইমার। স্পেনের ক্লাবটিতে দুই মৌসুমেই পঞ্চাশ গোল করে ফেলেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। গত শনিবার নিজেদের মাঠ নূ ক্যাম্পে সোসিয়েদাদকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। ৫১তম মিনিটে দুরূহ কোণ থেকে হেড করে সোসিয়েদাদের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন নেইমার। আর এতেই তিনি পৌঁছে যান প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সেলোনার হয়ে ৫০ গোল করার মাইলফলকে।

 
বার্সেলোনার হয়ে এ পর্যন্ত চারটি প্রতিযোগিতায় খেলেন নেইমার। এর মধ্যে স্পেনের লা লিগায় করেন ৩১টি গোল। বার্সেলোনার জার্সি গায়ে নেইমারের প্রথম গোলটি আসে স্প্যানিশ সুপার কাপে। ভিসেন্তে কালদেরনে পাওয়া সেই গোল তিনি করেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
 
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত নেইমারের গোল ১১টি, এর সবশেষটি তিনি পান গত বুধবার এ মৌসুমের সেমি-ফাইনালের প্রথম পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। স্প্যানিশ কাপে তিনি করেছেন ৭ গোল। 
 

নেইমারের কাছে অবশ্য ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ। ব্রাজিল বিশ্বকাপের অন্যতম সেরা এই খেলোয়াড় বলেন, ‘গোল পেতে যা করার তার সবকিছুই করেছি আমরা এবং অবশেষে গোল এসেছে।’