৭ খুন : চার্জশিটের বিরুদ্ধে নজরুলের স্ত্রীর নারাজি


নারায়ণগঞ্জের আলোচিত চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দুটি মামলায় আদালতে দেওয়া চার্জশিটের বিরুদ্ধে নারাজি দিয়েছেন এ মামলার এক বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে শুনানি শেষে তিনি এই নারাজি দেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিউটির মামলার আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, ত্রুটিপূর্ণ চার্জশিট ও এজাহারভুক্ত ৫ আসামিকে অব্যাহতি দেওয়ায় না রাজী দেওয়া হয়েছে।

তবে অপর মামলার বাদী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল চার্জশিটের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

আগামী ৮ জুন পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে। সেদিন চার্জশিটের ব্যাপারে আদেশ দেওয়া হবে।

সাত খুনের ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ ও হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়।

অন্যদিকে অ্যাডভোকেট চন্দন সরকার ও গাড়ি চালক ইব্রাহিমকে অপহরণ ও হত্যা মামলার বাদী ছিলেন চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। এ মামলায় আসামি অজ্ঞাত করা হয়েছিল। তবে চার্জশিটের ব্যাপারে কোন ধরনের আপত্তি নেই চন্দন সরকার পরিবারের।

গত ৮ এপ্রিল বুধবার আদালতে দায়ের করা চার্জশিটে ভারতে গ্রেফতার হওয়া নূর হোসেন ও র‌্যাবের চাকুরীচ্যূত তিনজন আলোচিত কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে বিউটির মামলার এজাহারভুক্তপাঁচ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।