ফের পুরান ঢাকায় আগুন, দগ্ধ ৩

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভাঙারির একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা তিনজন হলেন, দোকান মালিক সুমন খান (৩৫), কর্মচারি নুরে আলম (৩১) ও সুমন (৩০)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ নুরে আলম জানান, চকবাজার কামালবাগ বেড়িবাঁধ সংলগ্ন সুমন খানের ভাঙারির দোকানের তিনি এবং সুমন কাজ করেন। আজ বিকাল সাড়ে ৪ টার দিকে ভাঙারির মালামালের মধ্যে স্প্রে করা রংয়ের খালি বোতল, পারফিউমের খালি বোতলসহ বিভিন্ন ধরনের জিনিস একত্রে করেন। এরপর সেগুলো প্রক্রিয়া করার জন্য একটি মেশিনের নিচে দিয়ে তিনি ও সুমন সেগুলোতে চাপ দেন। এসময় হঠাৎ করে সেগুলো থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পরে আগুন জ্বলে ওঠে। এতে তারা তিনজনই দগ্ধ হন। 

ঢাকা মেডিকেল পুলিশ বক্স এর এসআই বাচ্চু মিয়া জানান, তিনজনের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: বিশ্বব্যাংক নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ১৮৫ মিলিয়ন ডলার দেবে

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৪ ঘণ্টা আগুন জ্বলার পর সেটা নিয়ন্ত্রণে আসে। ওই অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে পুরে ৬৮ জন এবং পরে চিকিৎসাধীন তিনজনসহ মোট ৭১ জন মারা যান।

ইত্তেফাক/কেকে