জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে লাঞ্ছনার প্রতিবাদ এবং অভিযুক্ত পুলিশ সার্জেন্টকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কয়েক’শ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাচ ধারণ করে মাববন্ধনে অংশ নেয়।
মাববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পুলিশ সার্জেন্টকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, এ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপর কোনো ধরনের অন্যায় করা হলে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করা হবে। অবিলেম্ব অভিযুক্ত পুলিশ সার্জেন্টকে স্থায়ী বরখাস্তের না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তিনি।
মানববন্ধন শেষে শিক্ষকরা একটি মৌন মিছিল বের করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত এক সামবেশে মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক ড. শামছুল আলম সেলিম, অধ্যাপক ড. কামরুল আহসান, অধ্যাপক মুহা. হানিফ আলী, অধ্যাপক অসিত বরন পাল, অধ্যাপক আবু দায়েন, শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি প্রমুখ। উল্লেখ্য শনিবার রাতে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকায় বিশ্ববিদ্যালয় জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে লাঞ্ছিত করে পুলিশ সার্জেন্ট ইমরান ও তার সহকর্মীরা। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।