বলিউডের খ্যাতনামা প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার লাভ করেছেন। রবিবার মুম্বাইয়ের পৃথ্বি থিয়েটারে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অরুণ জেটলি তার হাতে এ পুরস্কার তুলে দেন।
গত ৩ মে দিল্লীতে তার হাতে এ পুরস্কার তুলে দেয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি মুম্বাই থেকে দিল্লি যেতে পারেননি। ফলে মন্ত্রী মুম্বাই গিয়ে তার হাতে পুরস্কার তুলে দিলেন।
পুরস্কার তুলে দিয়ে জেটলি বলেন, মুহূর্তটি সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ, আমরা আমাদের খ্যাতনামা অভিনেতা শশী কাপুরের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি। নিঃসন্দেহে তিনি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে একজন বহুমুখী প্রতিভার অধিকারী।
৭৭ বছর বয়সী শশী কাপুর তার পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয় এ সম্মান গ্রহণ করলেন। এর আগে তার পিতা পৃথ্বি রাজ কাপুর এবং বড় ভাই রাজ কাপুর এ পুরস্কার পান।
জেটলি বলেন, কাপুর পরিবার যেভাবে মেধার বিকাশ ঘটাচ্ছে তাতে আমি নিশ্চিত এ পুরস্কারই তাদের জন্যে শেষ নয়।
কালো পোশাকের ওপর কমলা শাল জড়ানো শশী কাপুর হুইল চেয়ারে করে পৃথ্বি থিয়েটারে ঢোকেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কাপুর পরিবারেরই আরেক সদস্য ঋষি কাপুর।
শশী কাপুর সম্পর্কে নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, শাবানা আজমি ও রণধির কাপুর। এ ছাড়া কাপুর পরিবার থেকে অনুষ্ঠানে উপস্থিত হন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর, শশী কাপুরের ছেলে কুনাল কাপুর, স্ত্রী নীতু এবং সন্তান রণবীর কাপুরসহ ঋষি কাপুর, মেয়ে কারিশমা ও ছোট জামাই সাঈফ আলী খানসহ ববিতা এবং শাম্মি কাপুরের স্ত্রী নীলা দেবি।
এ ছাড়া অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন, রেখা, হেমা মালিনী, জাভেদ আখতার ও স্ত্রী শাবানা আজমিসহ বলিউডের অনেক রথী ও মহারথীরাও উপস্থিত ছিলেন।