পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ভারত-পাকিস্তান সিরিজ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। ভারত সফরকালে তিনি এ কথা বলেন।
রবিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠক শেষে শাহরিয়ার খান জানান, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানের বর্তমান হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
যদিও ভারতীয় জনতা পার্টির সদস্য এবং বর্তমানে বিহার থেকে নির্বাচিত সংসদ সদস্য আর কে সিং সোমবারই বিরোধিতা করেছেন এই সিরিজের।
পিসিবি প্রধান জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত-পাকিস্তান ম্যাচগুলোর জন্য দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামের নিশ্চয়তা দিয়েছে। বাংলাদেশ খুবই আগ্রহী এবং আমরা অবশ্যই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তাদের ভেন্যুগুলো বিবেচনা করব। তারা (বিসিবি) আমাকে বলেছে, কেন আমরা আরব আমিরাতে যাচ্ছি যখন বাংলাদেশেই তা আয়োজন করা যায়। তবে ডালমিয়া বলেন, এজন্য কিছু সমস্যা দূর করতে হবে।
উল্লেখ্য, বিসিবি গত অক্টোবরে পাকিস্তানের সিরিজগুলো বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছিল
আগামী আট বছরে পাঁচটি সিরিজ খেলার বিষয়ে দুই বোর্ডের মধ্যে গত বছর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সে চুক্তির অংশ হিসেবে প্রথম সিরিজে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দু’টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে পিসিবির তত্কালীন সভাপতি নাজাম শেঠি অবশ্য বলেছিলেন, চুক্তি অনুযায়ী ভারত পাকিস্তান সিরিজ হবে ছয়টি। যার চারটির আয়োজক পাকিস্তান। এই চুক্তির মাধ্যমে বিপুল অঙ্কের মুনাফার কথাও জানিয়েছিলেন নাজাম।
রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত সরকার পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচ আয়োজনে অনুমতি না দেয়ায় ২০০৭ সাল থেকে দেশ দু’টির মধ্যে কোন টেস্ট সিরিজ হচ্ছে না।
বিসিসিআইর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক পুনর্গঠন করার ইচ্ছার কথাও।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার ঘটনায় ছয় ব্যাক্তি নিহত ও লংকান দলের সাত খেলোয়াড় আহত হওয়ার পর থেকে কোন টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে আসছে না।
তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ দিয়ে অচীরেই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। এই সিরিজকে ক্রিকেট উন্নয়নের পথে বড় সাফল্য হিসাবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ডন স্পোর্টস