রংপুরে সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

রংপুরে সংবাদ প্রকাশের জের ধরে রবিউল ইসলাম রোমান (৩০) নামের এক সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

জানা যায়, রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবরের সিটি রিপোর্টার রবিউল ইসলাম রোমান রবিবার রাতে মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে অটো রিকশা করে বুড়িরহাট এলাকায় তার নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি কদমতলী এলাকায় পৌঁছলে ওই এলাকার ১০/১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা সহকারে অটো রিকশার গতিরোধ করে এবং রোমানকে অটো রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে বেধড়ক মারপিট করাসহ হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় হুমকি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।