বাড়ি-গাড়ির মালিকরা করের আওতায় আসছে: অর্থমন্ত্রী

করের আওতা বাড়াতে এখন থেকে বাড়ি আর গাড়ির মালিকরা আয় করের আওতায় আসবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে মাত্র ১১ লাখ লোক কর দেয়। আমার সহকর্মীরা বলছেন, ঢাকায়ই এর চেয়ে দ্বিগুণ লোক পাওয়া যাবে যারা কর দিতে সক্ষম। অনেক গাড়ি-বাড়ির মালিক রয়েছেন যাদের কর শনাক্তকরণ নম্বর নেই। এবার জরিপ করে তাদের উপর ট্যাক্স বসানো হবে। এরপর যা হয় হবে।

 
এছাড়া বিনিয়োগে জমি স্বল্পতার সংকট কাটাতে দিনাজপুর, রংপুরসহ দূরবর্তী এলাকায় বিনিয়োগে সুবিধা দেয়া, কোম্পানির কর্পোরেট ট্যাক্স যৌক্তিক করার কথাও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের কোম্পানির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে কর্পোরেট কর আদায় করা হয়। এটিকে যৌক্তিক করার পরামর্শ এসেছে। আমরা সেটি ভাবছি। অপ্রদর্শিত আয় বৈধ করার বিষয়ে পূর্বের নীতি বহাল থাকছে জানিয়ে তিনি বলেন, এ অর্থ বিনিয়োগে আনার যুক্তি এসেছে। তবে আমি এর পক্ষে না। বর্তমানে প্রযোজ্য হারে কর দেয়ার পর জরিমানা দিয়ে এ ধরনের অর্থ বৈধ করার সুযোগ রয়েছে। তা এবারও বহাল রাখার চিন্তা করছি। এছাড়া প্রবাসীদের অর্থ বিনিয়োগে আনা, শিল্পের জন্য কম সুদে ঋণ দেয়া, পাচারকৃত অর্থ শনাক্ত করে তা করের আওতায় আনার বিষয়টিও উঠে এসেছে।
 
তিনি বলেন, ভ্যাট আইনটি জটিল মনে হলেও এটি ব্যবসায়ীদের জন্য ভালো হবে।
 

এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত, দীপু মনি, রহমত উল্লা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।