নওগাঁয় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


নওগাঁর পত্নীতলায় শহিদুল ইসলাম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ইসাপুর মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার কাঁটাবাড়ির বোরাম গ্রামের সেতাব উদ্দীনের ছেলে এবং পত্নীতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি প্রায় তিন বছর যাবত উপজেলার মাহমুদগ্রামে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার শহিদুল ইসলাম বোরমার কাঁটারু গ্রামে আবস্থান করছিলেন। রাত ১ টার দিকে শহিদুল ইসলামের নিজ গ্রামের বাড়ী কাঁটাবাড়ী বোরাম গ্রাম থেকে কে বা কাহারা বিচারের/শালিস বৈঠকের নামে মোবাইল ফোনে ডেকে নেয়। মোটরসাইকেল যোগে শহিদুল ইসলাম কাঁটাবাড়ী যাওয়ার পথে ইসাপুর মোড় এলাকায় পথ অবরোধ করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়। আজ সকালে এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।