স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঝগড়া। খবর পৌঁছালো অভিভাবকের কাছে। আর তাতেই ক্ষমতার প্রদর্শনী করতে মাঠে নেমে গেল আওয়ামী লীগের দুই গ্রুপ। সংঘর্ষে আহত হলেন পাঁচজন। ঠেকাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।
জানা গেছে, মঙ্গলবার সকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে আ. রশিদ মাতুব্বর (৭০) ঘটনাস্থলেই মারা যান। আহতরা হলেন— রিপন মাতুব্বর (২৮), সাগর মোল্লা (১৫) ও লিঠু সেক (৪০)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হলেও পরবর্তী সময়ে তা রাজনৈতিক রূপ নেয়।
জানা গেছে, সকালে তুজারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রহিম মাতুব্বরের ছেলে অলিউর মাতুব্বর ও মঞ্জুর মোল্লার ছেলে নাজমুল মোল্লার সাথে স্কুল কম্পাউন্ডের ভেতরে ঝগড়া হয়। কিছুর সময় পর বিষয়টি নিয়ে কাজী জাফরউল্লাহ সমর্থক প্রফেসর সরোয়ার ও নিক্সন চৌধুরী সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাফ ভুইয়ার লোকজন শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবরটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দেশিয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।