গাজীপুরে পোশাক শ্রমিক খুন, স্বামী পলাতক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সফিপুর এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় গলায় ফাঁস লাগানো এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পলি খাতুন (৩৫) যশোরের কোতয়ালী থানার ফতেপুর গ্রামের মৃত. সিদ্দিকুর রহমানের মেয়ে।
 
পলি খাতুন তার স্বামী জাহাঙ্গীর আলমসহ সফিপুর এলাকায় মকবুল হোসেন গাজীর বাড়িতে দেড় মাস আগে ভাড়াটিয়া হিসাবে ওঠেন। মকবুল গাজী জানান, পলি বেগম স্থানীয় লিজ ফ্যাশন লিমিটেড কারখানায় চাকরি করতেন। তার স্বামী জাহাঙ্গীর রিকশা চালক।
 
কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম জানান, রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমাতে যান। সকালে তাদের ঘরের দরজা খোলা দেখে বাড়ির লোকজন ভেতরে ঢুকে ফিতা দিয়ে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো পলি খাতুনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছে।