তুচ্ছ ঘটনার জের ধরে জজ মিয়া (৩৫) নামে এক কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে তারই চাচাতো ভাই ইয়াসিন মিয়া।
সোমবার রাতে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের লক্ষীপুরা পশ্চিমপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত জজ মিয়া লক্ষীপুরা এলাকার মোতালিব মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার তিনদিন আগে তুচ্ছ ঘটনার জের ধরে চাচাতো ভাই জজ মিয়ার সাথে বিরোধের সৃষ্টি হয় ইয়াসিন মিয়ার।
সোমবার রাত সাড়ে আটটার দিকে আমিরগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে জজ মিয়ার গতিরোধ করে চাচাতো ভাই ইয়াসিন। এসময় দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইয়াসিন তার হাতে থাকা দা দিয়ে জজ মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় জজ মিয়ার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে রায়পুরা থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে।