ফরিদপুরে বিআইডব্লিউটিএর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তার স্ত্রীকে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
মামলার তিন আসামির মধ্যে মো. নজরুল ইসলাম ও সুজন ব্যাপারী নামের দু’জনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর নিহত দম্পতির ভাতিজা মীর মো. তানভীর রহমান খসরুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
একইসঙ্গে তানভীরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। রায়ের সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর ফরিদপুরের চর টেপাখোলার মুন্সীডাঙ্গী গ্রামে মীর সামছুল হক (৭৫) ও তার স্ত্রী নার্গিস নাহার বেগমকে (৬৫) জমি লিখে না দেয়ায় বিরোধের জেরে হত্যা করা হয়।
পরদিন তাদের ছেলে মীর মো. কামরুল আহসান মাসুদ বাদী হয়ে থাকানয় মামলা করেন।