নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার ভারতের মেঘালয় থেকে সালাহউদ্দিন আহমদ তাকে (হাসিনা আহমেদ) ফোন করেন। মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন তিনি। হাসিনা আহমেদ জানান, উনার (সালাহ উদ্দিন আহমেদ) সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, সবাইকে জানিয়ে দাও আমি ভালো আছি, আমার জন্য দোয়া করো।
এদিকে, সিলেটের একটি স্থানীয় পত্রিকা সূত্রে জানায় গেছে, সোমবার সকালে সালাহ উদ্দিন আহমেদকে মেঘালয়ের পুলিশ গ্রেফতার করে। পরে বিকেলে মিমহানস হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
হাসিনা আহমদ সংবাদ সম্মেলন করে জানান, দ্রুত চেষ্টা করছি যোগাযোগ করার জন্য। আমি সরকারের সাহয্য চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।
তাকে কোথায় পাওয়া গেছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘মেঘালয়ের শিলংয়ের মিমহানস মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সালাহ উদ্দিন। তার গলা চিনতে পেরেছি এবং একশ বছর পরেও শুনলে তার কণ্ঠ বুঝতে পারব।
এদিকে, মঙ্গলবার দুপুরে হাসিনা আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় তার সঙ্গে দেখা করে তাকে বিষয়টি অবহিত করেছেন। সেখানে যাওয়ার পর আবারো হাসিনা আহমদের সঙ্গে তার স্বামী সালাহউদ্দিনের ফোনে কথা হয়। এসময় খালেদা জিয়ার সঙ্গেও সালাহউদ্দিনের ফোনে কথা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আমরা সালাহ উদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে খবর পেয়েছি, তিনি ফোন করেছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
তিনি আরও জানান, তার পরিবার জানিয়েছে, সালাহ উদ্দিন আহমেদ মেঘালয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। আমরা নিশ্চিত হতে চেষ্টা করছি, আসলেই তিনি ফোন করেছেন কিনা। বিষয়টি নিশ্চিত হলে আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে।