গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি প্রচলিত থাকায় মুক্তমনাদের উপর একের পর এক আঘাত আসছে। এ ঘটনা এখন স্বাভাবিকের মতো হয়ে গেছে। এর দায়ভার সম্পূর্ণভাবে রাষ্ট্রকেই নিতে হবে। বিভিন্ন সময় ব্লগার হত্যার সাথে জড়িত খুনিদের সনাক্ত ও বিচার না হওয়ার ধারাবাহিকতার কারণেই সিলেটে অনন্ত বিজয় দাসকে প্রাণ দিতে হল।
মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন তিনি। সন্ধ্যায় অনন্তসহ সকল ব্লগার হত্যার বিচার দাবিতে মঞ্চের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ মোড় পর্যন্ত মশাল মিছিল করেন।
মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, সরকার কোন ব্লগার বা মুক্তমনাদের খুনিদের চিহ্নিত করতে পারেনি। খুনিরা এখন সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে কি না, সেটি এখন ভাবার বিষয় এসেছে। কারণ বারবার একই ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে তেমন কোন জোরালো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।
তিনি বলেন, রাষ্ট্রের চরম উদাসীনতার কারণে এ জাতীয় হত্যাযজ্ঞ দিনদিন বেড়ে চলেছে। আজ পর্যন্ত মাত্র দু’জন যুদ্ধাপরাধীর বিচার হয়েছে এটি আমাদের ভাবিয়ে তুলে।