নওগাঁর পত্নীতলায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ইসাপুর মোড়ে সড়ক অবরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহত শহিদুল ইসলাম উপজেলার কাঁটাবাড়ির বোরাম গ্রামের সেতাব উদ্দীনের ছেলে।
পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, সোমবার শহিদুল ইসলাম মাহমুদ গ্রামে ছিলেন। রাত একটার দিকে মোটর সাইকেলে কাঁটাবাড়ি যাওয়ার পথে ইসাপুর মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়। মঙ্গলবার সকালে এলাকাবাসী মৃতদেহ দেখে থানায় সংবাদ দেয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিক বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী মানছুরা বেগম অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
নবীগঞ্জে আওয়ামী
লীগ নেতা নিহত
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মো. মোতাহির মিয়া তুচ্ছ ঘটনার জের ধরে প্রাণ হারিয়েছেন। গত সোমবার দিবাগত রাতে শহরের শাপলাবাগ এলাকার একটি বাসার কেয়ারটেকার কামরুজ্জামান ও কয়েকজনের সাথে তার কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। মোতাহির মিয়া এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।