সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে (৩২) হত্যার ঘটনায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেছেন নিহতের বড় ভাই রতেশ্বর দাশ। মামলায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাতনামা চারজনকে এজাহারে আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর সুবিদবাজার এলাকায় সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, মুক্তমনা লেখক-ব্লগার ও ব্যাংক কর্মকর্তা অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। তিনি পূবালী ব্যাংকের সুনামগঞ্জের জাউয়াবাজার শাখায় কর্মরত ছিলেন।
এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ‘আনসার বাংলা-৮’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ব্লগার অনন্তকে হত্যার প্রতিবাদে বুধবার সিলেট নগরীতে আধাবেলা হরতাল পালন করছে গণজাগরণ মঞ্চ।
এর আগে একই কায়দায় গত ৩০ মার্চ রাজধানীর বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমান ও গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লেখক-ব্লগার অভিজিত রায়কে হত্যা করা হয়। অভিজিৎ হত্যাকাণ্ডের দায়িত্বও স্বীকার করেছিল আল কায়েদা। তবে দেশে এই সংগঠনটির তত্পরতার বিষয়ে গোয়েন্দাদের কাছে তেমন কোন তথ্য নেই বলে জানা গেছে।