ব্লগার হত্যা: প্রতিবাদে সিলেটে হরতাল

 
ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার প্রতিবাদে সিলেটে আধাবেলা হরতালের সমর্থনে সকালে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন গণজারণমঞ্চের কর্মীরা। বুধবার সকাল ছয়টায় শুরু হওয়া হরতাল চলবে দুপুর দুইটা পর্যন্ত।
 
নগরীর সবকটি পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি। হরতালের কারণে সিলেটের দোকানপাট বন্ধ রয়েছে। নগরী থেকে দূরপাল্লার কোনো বাহন সকালে ছেড়ে যায়নি।
 
সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। আধা ঘণ্টা পর সকাল ৮টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে কিন ব্রিজ এলাকায় শেষ হয় মঞ্চের কর্মীদের এ মিছিল।
 

মঙ্গলবার সকালে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মুক্তমনার ব্লগার অনন্ত বিজয় দাশকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চার মুখোশধারী।