চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই প্রশিক্ষক ও এক প্রশিক্ষণার্থী আহত হয়েছেন।
বুধবার বেলা সোয়া ১১টায় বিমানবন্দরের রানওয়ের পাশে এমআইএ সেভেন্টিন ৪১০ নামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম এ তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় দুই ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকে।
দুপুর একটার দিকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় আহতরা হলেন স্কোয়াড্রন লিডার শাফায়েত, ফ্লাইট ইঞ্জিনিয়ার সার্জেন্ট ফেরদৌস ও পাইলট অফিসার মো. ফুয়াদ।
এদের মধ্যে শাফায়েত ও ফেরদৌস ছিলেন প্রশিক্ষক এবং ফুয়াদ ছিলেন প্রশিক্ষণার্থী। দুর্ঘটনায় গুরুতর আহত শাফায়েত ও ফেরদৌসকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০টায় এমআইএ সেভেন্টিন ৪১০ প্রশিক্ষণ হেলিকপ্টারটি পতেঙ্গা এলাকায় বিমানবাহিনীর জহরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে।
৪০ মিনিট আকাশে ওড়ার পর পাইলট হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারিয়ে কন্ট্রোল রুমে সংকেত পাঠান পাইলট।
শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণের সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।
এক পর্যায়ে সেটি রানওয়ের পাশের জমিতে ছিটকে পড়ে। এসময় বিমানবাহিনীর অগ্নিনির্বাপক দল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।