দুই হাতের কব্জি কেটে নিলো প্রতিপক্ষ সন্ত্রাসীরা

আল আমিন ওরফে চান্দু আল আমিন (২২) নামে এক সন্ত্রাসীর দুই হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। বুধবার বিকেলে নরসিংদী সদর থানার শীলমান্দী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নরসিংদী শহরের বানিয়াছল এলাকার সুজন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে। 
 
নরসিংদী সদর থানার এস আই মোল্লা টুটুল জানান, চান্দু আলামিন নরসিংদী শহরের বানিয়াছল এলাকার মৃত ইব্রাহিম মিয়ার পুত্র। তিনি পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। বুধবার দুপুর দুইটার দিকে আল আমিন নরসিংদী পৌর সভার প্রধান ফটকে কারো জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশে জানালে পুলিশ শীলমান্দী এলাকার একটি কলাবাগান থেকে চান্দু আলামিনকে দুই হাতের কব্জি কাটা অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। চান্দু আলামিনের বক্তব্য অনুযায়ী পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।