ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নেতা সালাহ্উদ্দিন আহমেদের বিষয়টি রহস্যাবৃত ও প্রশ্নবিদ্ধ। শীঘ্রই এ রহস্যের উন্মোচন হবে। তিনি বলেন, জনগণ তার স্ত্রীর মাধ্যমেই নিখোঁজ এবং প্রাপ্তির খবর শুনেছে। তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি ভারতে আছেন। ফলে বিষয়টি রহস্যাবৃত রয়ে গেছে। মন্ত্রী বুধবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন প্রকল্প সম্পর্কে মন্ত্রী বলেন, এ প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে। এ মহাসড়কের ১৩২ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। ১৪টি বাইপাসের মধ্যে ১১টির কাজ শেষ হয়েছে। কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস এবং ফেনী ওভারপাসের কাজে ধীরগতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান বিবিএল (বাংলাদেশ বিল্ডার্স লি.)- কে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে, আগামী জুনের মধ্যে কুমিল্লা ওভারপাসের অন্তত ২ লেনের কাজ শেষ না করলে তাদের কার্যাদেশ বাতিল করা হবে। এসময় ফোরলেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী হাসান ইবনে আলম, সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবিব আহমেদসহ  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।