উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। এই ড্র এর ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে জিতে ফাইনালের টিকেট পেয়েছে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস। আগামী ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে খেলবে তারা।
প্রতিপক্ষের মাঠে প্রথম পর্বে ২-১ গোলে হেরে আসা রিয়ালের জয়ের কোনো বিকল্প ছিল না। দ্বিতীয় পর্বে ১-১ গোলে ড্র করলে বিদায় নিশ্চিত হয় কার্লো আনচেলেত্তির দলের।
বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে রিয়াল। গ্যারেথ বেলদের সুযোগ হাতছাড়া শুরুটাও তখন থেকেই। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় সুযোগটি হাতছাড়া করেন করিম বেনজেমা।
জর্জো কিয়েল্লিনির এক ভুলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের ভেতর তিনি হামেস রদ্রিগেসকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে রোনালদোর গোলে ২৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের বাকি সময় এই ফল ধরে রাখতে পারলে ১৪তম বারের মতো ফাইনালে পৌঁছাতো তারাই।
প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করে রোনালদো-বেনজেমারা। কিন্তু বুফ্ফনের দৃঢ়তায় ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে ইতালির চ্যাম্পিয়নরা। পাল্টা-আক্রমণে তাদের ঠেকিয়ে রাখার চেষ্টা করে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। কিন্তু সেই প্রচেষ্টা খুব একটা সফল হয়নি। ৫৭ মিনিটে বার্নাব্যুকে স্তব্ধ করে দেন মোরাতা। পগবার হেড থেকে বল পান এই স্ট্রাইকার। বুক দিয়ে বল নামিয়ে জোরালো শটে কাসিয়াসকে পরাস্ত করেন তিনি।