সুন্দর অভিনয় দিয়ে দর্শকের মন জয় করার আত্মপ্রত্যয় নিয়ে টিভি নাটকে কাজ করছেন মিষ্টি মারিয়া। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে তার সাবলীল পারফর্মেন্স এরমধ্যে সবার নজর কেড়েছে। বর্তমানে মিষ্টি মারিয়া অভিনীত চারটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। অভিনয়পিয়াসী এই কন্যার হালের খবর জানাচ্ছেন অজেয় চৌধুরী
অনেকটা শখের বশেই অভিনয়ে আসেন তিনি। কিন্তু সেই শখ এখন ভালোবাসায় পরিণত হয়েছে। টিভি পর্দায় তার উপস্থিতি খুব বেশি দিনের নয়। তবে বেশ কিছু মানসম্পন্ন নাটকে সুন্দর অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অনেকের। বর্তমানে মিষ্টি মারিয়া অভিনীত চারটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এগুলো হলো—বাংলাভিশনে সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘খড়কুটা’, চ্যানেল আইতে ফজলুল হকের রচনা ও পরিচালনায় ‘ধরতে হবে সুখ পাখিটা’, এটিএন বাংলায় মোহন খানের পরিচালনায় ‘নীড় খোঁজে গাঙচিল’ এবং বৈশাখী টিভিতে ডেইলি সোপ লুত্ফর নাহার মৌসুমীর পরিচালনায় ‘জয়িতা’। প্রতিটি ধারাবাহিকে তার চরিত্রগুলো ভিন্ন রকমের বলেই মিষ্টি অভিনয়ের সময় নিজেকে ভাঙতে পারছেন। এরমধ্যে ‘খড়কুটা’ নাটকে তিনি গ্রামের মেয়ে বিয়ে পাগল আঞ্জু চরিত্রে অভিনয় করেছেন। আবার ডেইলি সোপ ‘জয়িতা’তে দর্শকরা তাকে সাংবাদিক চরিত্রে দেখতে পেয়েছেন। পাশাপাশি ‘ধরতে হবে সুখ পাখিটা’ ধারাবাহিকে তিনি শহরের আধুনিক মেয়ে সালমা চরিত্রে অভিনয় করেছেন। যার কাজই হচ্ছে ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে সুবিধা আদায় করা। নাটকের চরিত্র নিয়ে নিজের ভাবনা প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘প্রত্যেকটি চরিত্রের আলাদা গুরুত্ব রয়েছে। বাস্তব মিষ্টির চেয়ে বাইরের চরিত্র করতে ভালো লাগে। এতে অনেক কিছু শেখা যায়। নিজেকে ভাঙা যায়। যেসব চরিত্রে নিজেকে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, সেসব চরিত্রে অভিনয় করতে মজা পাই।’ সামনে অভিনয় করবেন ঈদের বেশ কয়েকটি নাটকে। শুধু অভিনয়ের মধ্যে মিষ্টি নিজেকে আটকে রাখেননি। সাথে বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে তার সাবলীল উপস্থিতি সবার নজর কেড়েছে। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার তিনটি বিজ্ঞাপনচিত্র। এগুলো হলো—আরএফএল কিড চেয়ার, আরএফএল চপিংবোর্ড ও আরএফএল ক্লিনার। এর আগে করেছেন গ্রীন লাইন এসি কোচ স্লিপার বাস ও যমুনা ব্যাংক এটিএম বুথের বিজ্ঞাপন।