মেহেরপুর সদর উপজেলায় স্বামী আহম্মদ আলীর হাতে স্ত্রী পারভিনা খাতুন (২২) খুন হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আশরাফপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহম্মদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যৌতুক ও বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-শ্বাশুড়ী প্রায়ই পারভিনার ওপর নির্যাতন চালাত। সকালে গাঁজা কেনার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে আহম্মদ আলী। টাকা দিতে না পারায় পারভিনাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে আহম্মদ। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহম্মদ আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাবাদ করে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।