প্রধানমন্ত্রী কুমিল্লায় যাচ্ছেন ২৫ মে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে আগামী ২৫ মে কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকালে তিনি কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় কবি’র তিন দিনব্যাপী জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী জেলার ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনসহ ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে। 
 
এদিকে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘কুমিল্লা বিভাগ’ এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এমন আশা আর জল্পনা-কল্পনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সকল মহলে। এর আগে ১৯৯১ সালে কুমিল্লায় জাতীয়ভাবে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়। 
 
কবি নজরুলের অম্লান স্মৃতি বিজড়িত কুমিল্লায় জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অনুষ্ঠানমালা প্রাণবন্ত করতে জেলা ও অন্যান্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৫ সহস্রাধিক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুত ‘কুমিল্লা বিভাগ’ এর আনুষ্ঠানিক ঘোষণা করে এ অঞ্চলের জনগণের প্রাণের দাবি পূরণ করবেন এমন আশায় বুক বেঁধে আছেন কুমিল্লাবাসী।