অভিনেত্রী জাকারিয়া বারি মম। ছোটপর্দা ও বড়পর্দায় সমান তালেই এগোচ্ছেন তিনি। সম্প্রতি তার কয়েকটি ছবি মুক্তির পর বাণিজ্যিক ছবিতে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিকল্পধারার ছবি দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হওয়া মম বাণিজ্যিক ধারায় আসেন খানিকটা দেরি করেই। তবে এরইমধ্যে বড়পর্দায় একটি আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন তিনি। এ প্রসঙ্গে মম বলেন, ‘আমি একটু সময় নিয়েই বড়পর্দায় এসেছি। তবে আমি বড়পর্দার জন্যই প্রস্তুত হচ্ছিলাম। আর আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থা এখন উন্নতির দিকে যাচ্ছে। নিকট ভবিষ্যতে আমাদের চলচ্চিত্র আরও ভালো একটি অবস্থায় পৌঁছাবে। এই সময় আমার ক্যারিয়ার শুরুটা আমি ইতিবাচক ভাবছি। এছাড়া শেষ মুক্তি পাওয়া দুটি ছবি দিয়েই দর্শকদের বেশ ভালোবাসা পেয়েছি। আমার ছোটপর্দার দর্শকরাও হলে এসে ছবি দেখেছেন। নিয়মিতই কাজ করে যাবো।’
ছোটপর্দায় কাজের প্রসঙ্গে মম বলেন, ‘ছোটপর্দা থেকেই আজ আমি এখানে। সেই জায়গাটি আমার প্রথম ভালোলাগার জায়গা। বছরজুড়ে কাজ করতে না পারলেও বিশেষ দিনগুলোতে চেষ্টা করি ছোটপর্দায় থাকতে।’