৩ মেয়েকে জবাই করল পাষণ্ড বাবা


স্ত্রীর সাথে ঝগড়ার জেরে ধরে তিন মেয়েকে জবাই করে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। শুক্রবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।

নিহতরা হলেন আয়েশা ছিদ্দিকা (১১), শিরু জন্নাত শিউলী (৯) ও তাহুরা জন্নাত (১২)।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আব্দুল গনি কয়েক মাস ধরে নিকট আত্মীয় এক মেয়ের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে তার স্ত্রী ফাতেমা বেগম তাকে শোধরানো জন্য বার বার চেষ্টা করে ব্যর্থ হয়। কিছুদিন আগে এ নিয়ে বদরখালী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) খাইরুল বশরের কাছে নালিশ দেন। এরপর থেকে ফাতেমা বেগম তার ছেলে রিফাতকে (১৪) নিয়ে তার বাপের বাড়িতেই থাকতেন।

অপরদিকে তিন মেয়ে আয়েশা ছিদ্দিকা, শিরু জন্নাত শিউলী ও তাহুরা জন্নাতকে নিয়ে নিজের বাড়িতে থাকতেন আব্দুল গনি।

বৃহস্পতিবার রাতে আব্দুল গনির বিবরুদ্ধে বদরখালী বাজারে মেম্বার খাইরুল বশরের অফিসে সালিশ বৈঠক বসে। বৈঠকে বিচারক ইউপি মেম্বারসহ অন্য বিচারকরা আব্দুল গনিকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার স্ত্রীর সামনেই তাকে অপদস্ত করে। এমনকি তাকে মারধরও করা হয়।

বিচারের পর ফাতেমা বেগম তার বাবার বাড়িতে চলে যায়। আব্দুল গনি বাড়িতে আসেন।

স্থানীয়দের ধারনা, বিচারে অপমানিত হওয়ায় স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে আব্দুল গনি গভীর রাতে ধারালো দা দিয়ে তিন মেয়েকে জবাই করে। ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধরজানান, পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ঘাতক আব্দুল গনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।