যশোরে বাসের ধাক্কায় কৃষ্ণপদ ঘোষ (২০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষ্ণপদ ঘোষ ঐ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাবাগপুর গ্রামের শিবুপদ ঘোষের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর-মাগুরা সড়কে রাতের দায়িত্ব পালন শেষে কৃষ্ণপদ মোটরসাইকেল যোগে ফাঁড়িতে ফিরছিলেন। এ সময় সোহাগ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এ এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পুলিশ বাসটি আটক করলেও চালক পালাতক রয়েছেন।