নেদারল্যান্ডসের চিত্রশিল্পী পিয়েট মনড্রিয়ানের আঁঁকা একটি ছবি পাঁচ কোটি পাঁচ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কে ক্রিস্টি’স এই নিলামের আয়োজন করে। খবর: এএফপির।
নিলামে চিত্রটি রেকর্ড মূল্যে বিক্রি হয়। এটার যে দাম ধরা হয়েছিল তার দ্বিগুণ দামে বিক্রি করা হয়েছে।
‘কম্পোজিশন নম্বর ৩ উইথ রেড, ব্লু, ইয়লো অ্যান্ড ব্ল্যাক’ জ্যামিতিক তেলচিত্রটি ১৯২৯ সালে আঁঁকা হয়। চিত্রটির সাদা পটভূমিতে লম্বালম্বি ও আড়াআড়িভাবে রেখা টানা হয়েছে। এই রেখাগুলো ক্যানভাসে চৌকোনা, চতুর্ভূজ তৈরি করা হয়েছে। এগুলোর কোন কোনটি লাল, নীল, হলুদ ও কালো রঙ দিয়ে পূর্ণ করা হয়েছে।
এর আগে গত বছর মড্রিয়ানের ‘কম্পোজিশন উইথ রেড, ব্লু অ্যান্ড গ্রে’ ছবিটি ২ কোটি ৭৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়।
গত সোমবার স্পেনের বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।