কক্সবাজার সদর উপজেলায় ১২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এগুলোর মূল্য ৩৬ লাখ টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার লিংকরোডের শাহ আমিন বাস কাউন্টারের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মো. দেলোয়ার হোসেন (২৬) কক্সবাজারের মহেশখালি উপজেলার শাপলাপুরের ৯নং ওয়ার্ডের নুনাছড়ি গ্রামের মীর হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লিংকরোডে অভিযান চালানো হয়। এসময় সেখানে শাহ আমিন বাসকাউন্টারের সামনে দেলোয়ার নামে এক যুবকের কাছে থাকা একটি পলিথিনের ব্যাগে ৬টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ১২ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
উদ্ধার ইয়াবার দাম প্রায় ৩৬ লাখ টাকা। ইয়াবাসহ আটক দেলোয়ারের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।