হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের রিভলভার থেকে গুলি বের হয়েছে। রিভলভারের গুলি অভ্যন্তরীণ টার্মিনালের ছাদে লাগে। শুক্রবার ভোর ৬টা ২২ মিনিটে টার্মিনালের ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে সামনে এ ঘটনা ঘটে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান বলেন, সংসদ সদস্য দবিরুল ইসলামের পকেটে ছিল তার লাইসেন্সকৃত পয়েন্ট থ্রিটু বোরের রিভলভার। এয়ারলাইন্সের কাউন্টারে তিনি রিভলভারটি দেখানোর জন্য রাখেন। এসময় রিভলভার থেকে এক রাউন্ড গুলি বের হয়ে ছাদে গিয়ে লাগে। ঘটনার পরপর তাকে বিমানবন্দর থানায় নিয়ে এ সংক্রান্ত জবানবন্দী নিয়ে ছেড়ে দেয়া হয়।
সূত্র জানায়, যশোরগামী এই সংসদ সদস্যের রিভলভারের ‘সেফটি লক’ বন্ধ করা ছিল। নিয়ম অনুযায়ী লাইসেন্সকৃত রিভলভার বহনের সময় ‘সেফটি লক’ অন করে রাখতে হয়। এতে রিভলভারটি নিরাপদ থাকে।
বিমানবন্দর থানার দায়িত্বরত এসআই মজিবুর রহমান জানান, এ ব্যাপারে সংসদ সদস্যের বক্তব্য থানায় লিপিবদ্ধ করা হয়েছে।