দুই মাসেরও বেশি সময় নিখোঁজ থাকার পর সন্ধান পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে মেঘালয় পুলিশ। পুলিশকে তিনি বলেছেন, দুই মাস কোন এক জায়গায় ঘুপচি ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল। এরপর একাধিকবার গাড়ি বদলিয়ে তাকে শিলং নেয়া হয়েছে। সেখানে তিনি নিজেই বুঝতে পারেন এটা শিলং-এর গল্ফ লিংক এলাকা। পরে তিনি পুলিশের কাছে ধরা দেন। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে গতকাল বলা হয়েছে, বিএনপি নেতা আবদুল লতিফ জনি দেখা করেছেন সালাহউদ্দিনের সঙ্গে। বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রায় দু’ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে মেঘালয় পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশেরই কয়েকটি অসমর্থিত সূত্রে জানা গেছে, গোয়েন্দাদের তিনি জানিয়েছেন যে, তাকে কোন একটা জায়গায় ঘুপচি ঘরে রাখা হয়েছিল প্রায় দু’মাস। গোয়েন্দাদের জেরার জবাবে আর আত্মীয়দের সালাহউদ্দিন নিজে যা বলেছেন তার মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
এর আগে সালাহউদ্দিনের দু’জন আত্মীয় দুপুরবেলা তার সঙ্গে দেখা করে খাবার আর পোশাক দিয়ে এসেছেন। তার সাথে কথাবার্তাও হয়েছে। সালাহউদ্দিনকে উদ্ধৃত করে ওই আত্মীয়রা জানান যে, ৬২ দিন তিনি বন্দী অবস্থায় কাটিয়েছেন। কোথায় ছিলেন, সেটা বলতে পারেননি।