'সালাহউদ্দিনের বিষয়ে দু’দেশের আইন অনুযায়ী পদক্ষেপ'


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভারতের সঙ্গে আলোচনা করে দু’দেশের বিদ্যমান আইন মেনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক প্রস্তুতি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। আগামী ২৯ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নাসিম বলেন, আমাদের প্রতিবেশী একটি দেশে সালাহউদ্দিন কীভাবে গিয়েছে, কীভাবে অবস্থান করছে, সে ব্যাপারে সে দেশের সরকার আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশের যা করণীয়, তা আইন অনুযায়ী দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই করা হবে।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকার কারণে ৬২ বছর পরে ভারতের সঙ্গে স্থলসীমা নির্ধারিত হয়েছে। দীর্ঘ দিনের ছিটমহল সমস্যা সমাধানে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির পক্ষ থেকে আগামী ২৯ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক গণসংবর্ধনা দেয়া হবে। ইতোমধ্যে ২০১ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে জাতীয় নাগরিক সংবর্ধনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহীম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।