সাতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে বিদায় দিয়ে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন সুইস আট নম্বর স্ট্যান ওয়ারিঙ্কা। ইতালিকোর দর্শকে ঠাসা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ৭-৬ (৯/৭), ৬-২ গেমে স্প্যানিশ তারকাকে পরাজিত করে প্রথমবারের মতো নাদালের বিপক্ষে ক্লে কোর্টে দারুণ এক জয় তুলে নিয়েছেন ওয়ারিঙ্কা। শেষ চারে তার প্রতিপক্ষ স্বদেশি রজার ফেদেরার।
এই ম্যাচের বিজয়ী রবিবার ফাইনালে সার্বিয়ান নোভাক জকোভিচ এবং স্প্যানিশ ডেভিড ফেরারের মধ্যকার অপর সেমিফাইনালে বিজয়ীর মুখোমুখি হবেন।
এরপরেও অবশ্য বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম রোলা গ্যারোতে ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন নাদাল। কিন্তু ইতালিতে একটু আগে ভাগেই বিদায় নেয়ার পরে নাদালের প্রতিপক্ষদের খুব একটা আত্মতুষ্টিতে ভোগার অবকাশ নেই। প্যারিসে এই টুর্নামেন্ট শুরু হতে আর ১০ দিনও বাকি নেই।
ম্যাচ শেষে সুইস প্রতিপক্ষের প্রশংসা করতে ভুল করেননি নাদাল, ‘এখানে আমি যেভাবে খেলেছি তাতে খুব একটা অখুশী নই। কিন্তু আমি মনে করি ওয়ারিঙ্কার মতো প্রতিপক্ষের বিপক্ষে রাতের বেলা খেলা কিছুটা কঠিন। সে সব বলই বেশ জোড়ে মারে, কিন্তু দিনের বেলায় বল বেশি বাউন্স করে এবং সেটাকে প্রতিহত করতে বেশি সুবিধা হয়, এটা অবশ্য সম্পূর্ণ আমার মত। রাতে বল কিছুটা ধীরে আসে, সে কারণেই সেটা ধরতে অসুবিধা হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে ওয়ারিঙ্কা দারুণ কিছু শট খেলেছে। আমি এই ফলাফলে সন্তুষ্ট, তাকে অভিনন্দন জানাতে চাই। কোয়ার্টার ফাইনালে হেরেছি, কিন্তু টানা দুই সপ্তাহ আমি ভাল খেলেছি।’
এর আগের ১৩ বারের মোকাবেলায় ওয়ারিঙ্কা মাত্র একবার নাদালকে পরাজিত করতে পেরেছিলেন। ২০১৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ১৪বারের গ্র্যান্ড স্ল্যাম তারকাকে পরাজিত করাটা ওয়ারিঙ্কার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এক মুহূর্ত। ম্যাচ শেষে ওয়ারিঙ্কা বলেছেন, আমার জন্য ক্লে কোর্টে নাদালকে পরাজিত করা সত্যিই গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহ ধরে আমি সঠিক পথেই যাচ্ছি। এরপরেও এই ধরনের একটি জয়ের দিকে তাকিয়ে ছিলাম যা আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে।