যশোরের মনিরামপুরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কোনাকোলা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় পুলিশের এএসআইসহ পাঁচজন গুরুতর জখম হয়েছেন।
আহতরা হলেন মনিরামপুর থানার এএসআই তৌহিদুর রহমান, কনস্টেবল মান্নান, নজরুল ইসলাম, ইদ্রিস আলী ও মোটরসাইকেল চালক ইসলাম।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কোনাকোলা বাজার থেকে নাশকতা মামলার আসামি দবির হোসেনকে (৪৫) মনিরামপুর থানার এএসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় নাশকতাকারীরা ধারালো দেশিয় অস্ত্র দাঁ ও লাঠি-সোটা নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে দবিরকে নিয়ে পালিয়ে যায়। আহতদের রাস্তায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।