বিক্ষোভের ‍মুখে প্রিপারেটরির উপাধ্যক্ষ-পুরুষকর্মীদের অব্যাহতি

এক শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় অভিভাবকদের বিক্ষোভের মুখে উপাধ্যক্ষসহ সব পুরুষ কর্মচারী সরিয়ে নিয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।
 
যৌন হয়রানির ঘটনা নিয়ে করা মন্তব্যের জন্য সমালোচনার মুখে থাকা উপাধ্যক্ষ জিনাতুন নেছাকে অব্যাহতি দেয়া হয়েছে।
 
শনিবার সকাল থেকে বিক্ষোভ ও ঘেরাওয়ের পর দুপুরে এই ঘোষণা দিয়ে অভিভাবকদের শান্ত করেন বেসরকারি এই বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ম তামিম।   
 
শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটি কাজ করছে জানিয়ে তিনি বলেন, কমিটির সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 
 
গত ৫ মে এই বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার একটি কক্ষে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
 
বিক্ষোভের মুখে একটি তদন্ত কমিটি করলেও স্কুল কর্তৃপক্ষ ও অধ্যক্ষ বেলায়েত হোসেন বিষয়টি ধামাচাপা দিচ্ছে অভিযোগ তুলে শনিবার দুপুরে বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় ক্ষুব্ধ অভিভাবকরা।
 
দুপুর পৌনে ১টার দিকে স্কুলের মাঠে অবস্থান নেয়া অভিভাবকদের সামনে আসেন অধ্যক্ষ বেলায়েত।