চাটমোহরে অজ্ঞাত রোগে ছাত্রীর মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলার বরদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়ছে। গুরুতর অসুস্থ রুমি খাতুন (১১) নামের এক শিক্ষার্থী শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। রুমি বরদানগর গ্রামের মৃত সোলেমান হোসেনের মেয়ে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বদ্ধ করে দিয়েছেন।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীরা টয়লেটে গিয়ে ফিরে এসেই অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়ছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী আঁখি খাতুন (১১), স্বর্ণা খাতুন (১০), মূর্শিদা খাতুন (১০), আরজিনা (১০) ও রুমী খাতুনসহ ১০ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে রুমিকে আশংকাজনকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে শুক্রবার সে মারা যায়।
 
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। কেন মেয়েরা এভাবে অসুস্থ হয়ে পড়ছে কিছুই বুঝতে পারছিনা।’