লোহাগাড়ায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সদর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত হাবিবুর রহমানের (৫৫) ভাতিজা আবদুল কাদের (৩৬)।  শনিবার দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান চুনতি পানত্রিশা এলাকার মৃত কবির আহমদের পুত্র ও ভাতিজা আবদুল কাদের ওই এলাকার ফকির মোহাম্মদের পুত্র।
 
জানা গেছে, দুপুরে চাচা-ভাতিজা মোটরসাইকেলে করে চুনতিতে যাচ্ছিলেন। উপজেলা গেইটের সামনে পৌঁছালে কক্সবাজারমুখী একটি বাস মোটর সাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুইজনই ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে বেপরোয়া গতিতে চলন্ত বাসটি হাবিবুর রহমানের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেল আরোহী আহত আবদুল কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
চুনতি পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসটি আটক করেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।