কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচ যাত্রীকে উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার র্গাড বাংলাদেশ। শনিবার সকালে টেকনাফ উপকূলের সাবরাং নয়াপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এরা হলেন, বাজার গাঁও এলাকার আকলাকুল ইসলামের ছেলে মাজাহারুল ইসলাম (১৯), ঝিনাইদহ শৈলকূপা কামান্না বরইহুদা এলাকার নজরুল শাহর ছেলে রতন শাহ (২৩) ও আখিরুল খান লালুর ছেলে শাহীন খাঁন (২০), সুনামগঞ্জ গোসিয়াবাজার খেজাউড়া এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে মনসুর আলী (৩৫), দোহারা দোহালিয়া বাজার পলিচর এলাকার সাবাজ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (২৪)।
উদ্ধারকৃতদের বরাত দিয়ে বিজিবি জানায়, গত কয়েকদিন আগে পাচারকারীরা সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের প্রলোভন দেখিয়ে তাদের কক্সবাজার থেকে একটি মাছ ধরার ট্রলারে করে টেকনাফে নিয়ে আসে। সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার রাতে ছোট ট্রলারে করে সাবরাং উপকূল এলাকায় এনে এবিএম নামে একটি ঘাটে জড়ো করে রাখে। খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে ওই পাঁচজনকে উদ্ধার করে।এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।