গত সপ্তাহে সূচক বেড়েছে ১৯২, লেনদেন ৬৫ %

 
পুঁজিবাজারে গত সপ্তাহে দুই দিন সূচক কমলেও বেশির ভাগ দিন সূচক বেড়েছে। ফলে সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৯২ পয়েন্ট। আর দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। গত সপ্তাহের লেনদেন শুরু হয় ৪ হাজার ১২২ পয়েন্ট দিয়ে। সপ্তাহ শেষে তা বেড়ে ৪ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বাড়ার হার ৪ দশমিক ৬৭ শতাংশ।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন—সূচক অনেক কমে যাওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের শীর্ষ ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। এ ছাড়া, সঞ্চয়পত্রের সুদ প্রায় দুই শতাংশ কমানো হয়েছে। ফলে শেয়ারবাজারের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এতে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহ জুড়ে লেনদেনে অংশ নেয়া ৩২৪টি কোম্পানির মধ্যে ২৬৭টির দর বেড়েছে, কমেছে ৫০টির, অপরিবর্তিত রয়েয়ে ৫টির দর। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা, যা আগের সপ্তাহে ছিল ৩৬০ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা। অর্থাত্, আগের সপ্তাহের তুলনায় লেনদেন বাড়ার হার ৬৫ দশমিক ২৯ শতাংশ।