চট্টগ্রাম সিটি নির্বাচনে সহিংসতা মামলায় কাউন্সিলর প্রার্থীসহ গ্রেফতার ২

চট্টগ্রামে সম্প্রতি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন ওরফে বার্মাইয়া জসিমসহ (৪৫) দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
শনিবার সকালে নগরীর বউবাজার এলাকার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর ব্যক্তি ইউসুফ (৩০) জসিমের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বলে পুলিশ জানায়। 
 
বাকলিয়া থানা পুলিশ জানায়, সিটি কর্পোরেশন নির্বাচনে বাকলিয়ার এনএমজে কলেজ কেন্দ্রে সহিংস ঘটনা ঘটে। এ ঘটনায় জসিমের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী হাজী নুরুল হকের একজন অনুসারী গুরুতর আহত হন। পরে আহত আকতার হোসেনের স্ত্রী রোখসানা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় কাউন্সিলর প্রার্থী জসিমকে প্রধান আসামি করা হয়।