সাপ্তাহিক পুঁজিবাজার: সূচক ১৯২ পয়েন্ট, লেনদেন ৬৫ ভাগ বৃদ্ধি

গত সপ্তাহে দুইদিন সূচক কমলেও বেশিরভাগ দিন সূচক বেড়েছে। ফলে সপ্তাহশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ১৯২ পয়েন্ট। আর দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। গত সপ্তাহের লেনদেন শুরু হয় ৪ হাজার ১২২ পয়েন্ট দিয়ে। সপ্তাহ শেষে তা বেড়ে ৪ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বাড়ার হার ৪ দশমিক ৬৭ শতাংশ।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচক অনেক কমে যাওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের শীর্ষ ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। এছাড়া সঞ্চয়পত্রের সুদ প্রায় দুই শতাংশ কমানো হয়েছে। ফলে শেয়ারবাজারের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এতে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
 
সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেয়া ৩২৪টি কোম্পানির মধ্যে ২৬৭টির দর বেড়েছে, কমেছে ৫০টির, অপরিবর্তিত রয়েয়ে ৫টির দর।
 
গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা। যা আগের সপ্তাহে ছিল ৩৬০ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা। অর্থাত্ আগের সপ্তাহের তুলনায় লেনদেন বাড়ার হার ৬৫ দশমিক ২৯ শতাংশ।
 
এদিকে সপ্তাহজুড়ে ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
 
৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
 
এর মধ্যে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মার পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ খাতের অপর কোম্পানি এমবি ফার্মার পরিচালনা পর্ষদ ২৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
 
বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
 
এ খাতের অপর কোম্পানি জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। বিমা খাতের কোম্পানি  ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস শেয়ার ও ৫ শতাংশ নগদ।